আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারি দল আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়ন ও সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের নির্বাচনে গণতন্ত্রের একটি পরীক্ষা হবে। অতীতের মতো আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচনে কোন দেশীয় শক্তি, কোন চক্রান্তকারী, নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা (বিএনপি) রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে একটা সাংবিধানিক সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসতে চায়। কেউ এভাবে ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। জনগণ সমস্ত ক্ষমতার উৎস ও এদেশের মালিক। সেই জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আলী, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।